এ কোন দুঃসময়ে আমার বাস?
এ কোন রাষ্ট্র?
যেখানে মিইয়ে যায় কাব্যের ঘ্রাণ, থেমে যায় চেতনার স্পন্দন।
যেখানে ছন্দেরা পথ হারায়,
সুরেরা হয় গুম—আমি আজ চিৎকার করে কথা বলতেও ভয় পাই!
বৈপ্লবিক পংক্তিমালা জুড়ে আজ ফ্যাসিবাদের থাবা,
কী ভীষণ ত্রাস! বড্ড ভয়!
জীবনের খাতা থেকে মুছে যাচ্ছে কত না বলা কথা,
কত অব্যক্ত দহন— রাষ্ট্র কি নেবে এর দায়?
শান্তি, প্রেম, বিদ্রোহ আর সংগ্রামের পথে আজ কেবলই শকুনের ছায়া।
তবুও শোনো—মানুষের কণ্ঠ রোধ করার সাধ্য কার?
ভয়কে জয় করেই মানুষ বিস্ফোরিত হয় বারুদ হয়ে,
ইতিহাসের পাতা থেকে তোমরা কি তা-ও মুছে দেবে?
হে রাষ্ট্র, জেনে রেখো—
আমার কাব্যেরা আজ নিজস্ব মহিমায় জ্বলে উঠতে না পারুক,
আমার কলমে আজ আগ্নেয়গিরি না জাগুক,
তবু মনে রেখো হে অন্ধ শাসক—
কলমের কালিকে শিকল পরানো অত সহজ নয়!