তোফায়েল তফাজ্জলের দুইটি কবিতা

কৃতজ্ঞতাবোধ

কৃতজ্ঞতাবোধ আছে পশুতে-পশুতে,
পশুতে-মানুষে
মানুষে-পুশুতে;
এইসব গুণের চরম ঘাটতি মানুষে-মানুষে।
দু'আনার কিছু করলে
ফিরিয়ে দেয়ার ইচ্ছায় মরিয়া পশু
চার, ছ'আনা।
দু'পায়ী দেখায় উল্টোটাই,
এক গ্রামের জবাবে দেয় দশ গ্রাম ক্ষতি,
দশ গ্রামে যোগ দশ গুণ।
সেরাজীবে অ-সেরাই স্পষ্ট হয়ে ওঠে।

শায়েস্তা

এরা ঘরে ঘরে ঢুকে গেছে।
চুষে খাচ্ছে সোনালি সম্ভ্রম,
পিন পতনের মতো
শব্দটিও না থাকায়
হীনবল মানুষের
শেষ সম্বল, রক্তও।
এইসব জোঁকেদের মুখে
লবণ ছিটিয়ে দাও,
পারলে একটু লঙ্কার গুঁড়োও,
খতম তড়পানি।