❑
রাতটা প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই পূর্ব আকাশে রক্তবর্ণের সূর্য উঠবে। চারদিকে হিমেল হাওয়া বয়ে যাবে। একটানা আট ঘন্টার স্বস্তির ঘুম কাটিয়ে তুমি পাহাড় দেখতে যাবে। সবুজ পাহাড়, ভীষণ সুন্দর।ব্যাগ থেকে মুঠোফোনটা বের করে, আমায় “শুভ সকাল প্রিয়” লেখা ছোট্ট বার্তা পাঠাবে। তুমি জানবেই না, মুঠোফোনের ওপাশে আমি গভীর ঘুমে আচ্ছন্ন।
❑
একদিন তুমি আমার পছন্দের লেখকের নাম জিজ্ঞেস করেছিলে, আমি বলেছিলাম ‘আহমদ ছফা’। নামটা শুনে তুমি খানিকটা চুপ ছিলে, চমকে গেছিলে হয়তো। আমারও ভীষণ ইচ্ছে করল তোমার প্রিয় লেখকের নাম শুনতে। আমি জিজ্ঞেস করতেই, মুখ ফোটে বললে ‘রৌদ্র ‘। জানো, আমিও চমকে গেছি। এরপর থেকে আমি আর লিখতে পারি না, কারণ তুমি ছাড়া আমার লেখা কেউ পড়ে না। তুমি ছাড়া আমার আর কোনো পাঠক নেই।
❑
আমার রুচিহীন লেখাগুলো কাউকে মুগ্ধ করলো না, শুধু তোমাকে ছাড়া। এখানেই আমার স্বার্থকতা।
