৩৬ জুলাই

নূরল দীন, মনে আছে, শহীদ আসাদ - আসহাবে কাফ?
সেই যে ডেকে গেলে সেহেরির ডাক, জাগো বাহে…
আবু সাঈদ সাড়া দিলো।
আওয়াজ ছড়িয়ে গেলো সারা বাংলাদেশ।
নূর হোসেন মনে আছে? জেগে আছে রক্তকরবীর কাল
তপ্ত বয়ে যায় অনন্ত রুধির ধারা
গণতন্ত্রের পিতা-মাতা-ভাই-বোন সকলি মাকাল।
সিধু-কানু কে যে ছিলো ভুলে গেছে বাংলা
সাঁতালের ভূমি ও জীবন - দখল তোমার হলো
সেও এক জুলাই ছিলো, তাহারাও আসহাবে কাফ
আবারো জুলাই এলো, অগণন দিন পর। কতদিন মনে আছে, বাংলা?
সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, নাফিসা, নাফিজ, আনাস, আহাদ, রিয়া
আসহাবে কাফ ঘুমায়, জাগে, কভু-টভু, কখনো-সখনো আসে বাহিরিয়া
সমস্ত আকাশ তবে ঢেকে যায় রক্ত, শোক, উন্মাতাল আবেগে
সায়াহ্ন সাঙ্গ হলে স্বৈরাচার লুণ্ঠিত পতাকা অধিকার অধিরেক নেয় সে তুলিয়া।