আমাকে পাবে তুমি
আমাকে পাবে তুমি
কবিতার ছন্দে
সোনাঝরা ধানক্ষেত
ফুলেদের গন্ধে।
আমাকে পাবে তুমি
হিমহিম বাতাসে
পুর্ণিমা ঝলমল
স্বপ্নিল আকাশে।
আমাকে পাবে তুমি
বাধভাঙ্গা খেয়ালে
প্রতিবাদ প্রতিরোধ
চিকামারা দেয়ালে।
আমাকে পাবে তুমি
মার্চের ভাষণে
প্রাণ দিয়ে ছিনে আনা
বিজয়ের আসনে।
আমাকে পাবে তুমি
চকচকে শিশিরে
ঘাসপাতা কেয়াবন
বিজয়ের মিছিলে।
আমাকে পাবে তুমি
শিশুদের চিত্তে
সবুজের মাঠঘেরা
লালিম ঐ বৃত্তে।
১৫ মার্চ ২০২৪
শরতের রং
শরতের সাদা মেঘ ঢেউ তুলে মনে
সাধ জাগে মেঘ হয়ে থাকি তার সনে
আকাশের সীমানায় বাঁধি ঘরখানা
নয়নের কাছে দূরে সব হবে জানা
পাখিদের নীড় ফেরা দেখা হলে শেষ
গোধুলির রঙ মেখে রাঙা হব বেশ।
শীতের চাপ
শীতের হাওয়া বইছে ধীরে
লাগছে তবে মন্দ না
জানি আমি এটিই শুধু
আসল শীতের ছন্দ না।
ধীরে ধীরে আসবে নেমে
তীব্র শীতের ঝাপটা
গরীব মানুষ পারবে কি হায়
নিতে তারই চাপটা?
যাদের আছে হৃদয় বড়
নিচ্ছি তাদের নামটা
তাদের ছোঁয়ায় বাঁচে যেন
অসহায়ের জানটা।
আগুন
আগুন লাগে কারখানাতে
আগুন বিমানবন্দরে
তীব্র আগুন নিত্য ছড়ায়
দেশপ্রেমির অন্তরে।
রাজধানীতে আগুন জ্বলে
আগুন জ্বলে চট্টগ্রাম
এ আগুন কি দুর্ঘটনা
নাকি কোন ধ্বংসড্রাম?
প্রতিদিনই লাগছে আগুন
এখানে বা সেখানে
এ আগুনের বারুদ কোথায়
কে বা জ্বালে কে জানে।
রাজনীতিতে জ্বলছে আগুন
জ্বলছে আগুন বাজারে
দিনে-রাতে দেশের মানুষ
পাচ্ছে এ কোন সাজা রে?
সতর্কতা খুব জরুরি
সরকারেরই নজর চাই
এখনই রাশ টানতে হবে
নইলে বাঁচার উপায় নাই।
লিমেরিক
১.
আগুন জ্বলে রাস্তা-ঘাটে আগুন জ্বলে বাজারে
আগুন জ্বলে কথায় কথায় আগুন জ্বলে মাজারে
আগুন জ্বলে ছন্দ-তানে
আগুন জ্বলে সরল প্রাণে
আর কতকাল আমজনতা পাবে অনলসাজা রে?
২.
জুলাই মাসের স্বপ্নগুলো নিত্য ঝরে পড়ছে
প্রাণে প্রাণে মুগ্ধ সাঈদ শোকের মিনার গড়ছে
চলছে এখন রাজার খেলা
জুলাই শুধু স্মৃতির ভেলা
দলাদলি ভাগাভাগি 'জুলাইশিশু' মরছে।
৩.
দিনে দিনে হচ্ছে জটিল রাজনীতর ঐ রাস্তা
ঐকমত্য মরছে কেঁদে কেউ রাখে না আস্থা
রাজনীতি নয় দলাদলি
নির্বাসনে "গলাগলি"
অবশেষে মিলবে বুঝি
গনতন্ত্রের লাশটা!
স্বপ্নহারা
কষ্টে আছে দেশের মানুষ
কপাল তাদের মন্দ
চারিদিকে বিষের থাবা
পঁচা মনের গন্ধ।
রাস্তা-ঘাটে চলতে গেলে
নেমে আসে যমদূত
দূর্ঘটনা যখন তখন
দ্রব্যমুল্যের উর্ধগতি
যায় না তাকে রুখা
ধনী করে সুখের বিলাস
গরীব থাকে ভূখা।
চাঁদাবাজি স্বজনপ্রীতি
বাড়ছে দিনে দিনে
মুখোশতলে লুকায় তবে
সবাই তাদের চিনে।
দুর্নীতি আজ সর্বগ্রাসি
গিলছে সকল আলো
অন্ধকারে ডুবছে স্বদেশ
যাচ্ছে মুছে ভালো।
রাজনীতি এক মরণখেলা
আদর্শহীন মাঠে
ধ্বংসকলা দু'হাত বাড়ায়
রাজনীতিরই পাঠে।
কোটি কোটি মানুষ কাঁদে
স্বপ্নহারা বেশে
জুলাই রবির দিপ্তী কোথায়
আজকে বাংলাদেশে?
কেমন হবে
অনিশ্চত এক পরিণতি
আসতে পারে দেশে
কেউ জানে না কোন গোয়ালা
আসবে অবশেষে।
যার হাতে আজ দেশের চাকা
ঘুরছে ধীরে ধীরে
তারই হাতে সোনালী ভোর
আসতে পারে ফিরে।
কিন্তু এখন দিনে-রাতে
চলছে বাড়াবাড়ি
রাজক্ষমতার রশি নিয়ে
চলছে কাড়াকাড়ি।
বিশ্ব যখন উন্নয়নের
দিচ্ছে আকাশ পাড়ি
আমরা তখন অন্ধ রোষে
ভাঙ্গছি পরের বাড়ি।
এমন ধারা চলে যদি
ধ্বংস হবে দেশটা।
তাই তো মনে শংকা জাগে
কেমন হবে শেষটা।
আজব দেশ
আজব দেশের আজব মানুষ
আজব পথে চলছে
ঘরে-বাইরে ইচ্ছেমতো
আজব কথা বলছে।
চারিদিকে চলছে গুজব
আসল বুঝা যায় না
বারে বারে খাচ্ছে হোঁচট
মানবতার আয় না।
শংকিত আজ আমজনতা
হচ্ছে কি সব দেশে
বাঁচবে কি হায় গনতন্ত্র
বাঁচবে কি দেশ শেষে?
মানুষ
ধনী-গরিব নেই ভেদাভেদ
মানুষ যদি বুঝো
সাদা-কালো ভুলে গিয়ে
আসল মানুষ খুঁজো।
টাকা-পয়সা রঙের মাঝে
যায় না মানুষ চেনা
আসল মানুষ কর্মে বাঁচে
যায় না তাদের কেনা।
ভাই
আঁ-রো ঘরর উত্তর পাশে রহিম উল্লাহর ঘর
সাত আঁষ্ট দিন বিছাল লইয়ে গা-ত অইয়েদে জ্বর।
ন হাই না ফি ফরি রইয়ে চাইবার মানুষ নাই
ঘরর পাশে আছে আরও নিজর দু'য়া ভাই।
সম্বত্তি লই টানাটানি দেহাদেহি নাই।
হথা হইলে গলা চিবে খুন গরিবল্লাই
গরি বলি রহিম উল্লাহর হথার দামমান নাই।
বউ ফোয়া লই ওয়াইস্যা থাকে অইয়ে নিরূপায়।
হবর ফুনি ত্বরাতরি গিলাম চাইবল্লাই
ফোয়া তিনোয়া বিলাপ গরের কিছু খাইবল্যাি।
হষ্ট দেহি চোঘর ফানি নাইম্যে গরগরাই
হানাফিনা ডাক্তারগোআ লই গিলাম ধরফরাই।
ভাবি চাইলাম আশে-পাশে থাইলে এন্ডৈল ভাই
ম-তর ফানি দিবার মত
হনিক্কা তো নাই।
গিনিপিগ
বাড়াবাড়ি ঠেলাঠিলি
টলমল বাংলাদেশ
দলাদলি মন্দ বুলি
প্রতিহিংসা নেই তো শেষ।
দেশের চেয়ে দলটা বড়
দলের চেয়ে ব্যক্তি আজ
দেশের প্রতি ভালবাসা
নেই তো বেঁচে কারো মাঝ।
গিনিপিগ আজ দেশের মানুষ বারেবারে হোঁচট খায়
সরলতার মূল্য দিতে
সারাজীবন কষ্ট পায়।
ফরিয়াদ
বালির হাটে রেখে এলাম
খোলা পায়ের ছাপ
দয়াল খোদা বিচারদিনে
করে দিও মাফ।
পাপী আমি তাপি আমি
ভুলের সীমা নাই
বুকের মাঝে তোমায় যেন
নিত্য খুঁজে পাই।
মরণকালে কলমাটুকু
মুখে আমার চাই
হাশরদিনে তোমায় ছাড়া
অন্য চাওয়া নাই।
হাত ধরি
দলমতের উর্ধ্বে উঠে
এসো না আজ হাত ধরি
দেশ বাঁচাতে স্বার্থ ছেড়ে
ঐকমত্যের ভাব করি।
আমার ছেলের রক্তে মেলা
জুলাই মাসের ঐ কেতন
আসুক ফিরে প্রাণে প্রাণে
দেশপ্রেমের ঠিক চেতন।
নষ্টদিনের কষ্ট ভুলে
এসো না আজ সুর তুলি
শোধরে নিতে কৃষ্ণদিনে
জমে উঠা ভুলগুলি।
