শান্ত করো, প্রিয়তমা

আমাকে শান্ত করো, প্রিয়তমা!
আমাকে শান্ত করো
প্রিয়তমা, আমাকে শান্ত করো!
কোল হারা মায়ের কান্না
সন্তান হারানো পিতার অপলক দৃষ্টি
ভাই হারা বোনের আহাজারি
খুন হওয়া প্রেমিকের লাশের পাশে
প্রেমিকার আত্ম চিৎকার
পুলিশের গুলিতে শ্রমিকের
আকস্মিক মৃত্যু
আমাকে ক্ষোভের আগুনে ভাসিয়ে দিচ্ছে
আমি জ্বলে পুড়ে সশস্ত্র হয়ে উঠছি
ন্যায়ের আগুনে সশস্ত্র হয়ে উঠছি
মুক্তির স্বাদে সশস্ত্র হয়ে উঠছি
সমতার বারুদে সশস্ত্র হয়ে উঠছি
বন্ধুত্বের বন্ধনে সশস্ত্র হয়ে উঠছি
প্রেমের গন্ধে সশস্ত্র হয়ে উঠছি
প্রেমিকার স্পর্শে সশস্ত্র হয়ে উঠছি
বিক্ষোভে- বিপ্লবে
মিছিলে-স্লোগানে
সশস্ত্র হয়ে উঠছি
আমাকে শান্ত করো, প্রিয়তমা!