তোমারে রেখে দিই, ভালোবাসি বলে
ইচ্ছে করেই লুকিয়ে রাখি শত লাঞ্ছনা
আবারো যাপিত জীবনের হিসেব কষতে বসি
তোমারে রেখে দিই, মায়া করি বলে
কষ্ট জমিয়ে রাখি— নতুন শব্দ উদ্ভাবনের আশায়
শব্দের জোড়াতালি দিয়ে প্রকাশ করি গোপন আবেগ
তোমারে রেখে দিই, নিজের ভাবি বলে
তোমার শত টিটকারী ভুলিয়ে রাখতে বলি মগজকে
স্মৃতির পাতায় জমা করে রাখি, চোখের সকল জলপ্রপাত
তোমারে রেখে দিই, হারিয়ে ফেলবো বলে
অন্ধবিশ্বাসে কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ি প্রতিবার
মার্কসবাদকে গালগল্প করি আনমনে
তোমারে রেখে দিই, ভালোবাসবো বলে
শেষ রাতে একখানা সুন্দর স্বপ্ন দেখার আশায়
সঙ্গম শেষে যেমন তৃপ্তি আসে, ঠিক তেমনটাই ঘটবে বলে
তোমারে রেখে দিই, আমি কেবলই শুন্য বলে
কেননা প্রেম উপত্যকায় শূন্য বলে কোনো অঙ্ক নেই
বিশ্বাস করো, পাশাপাশি শূন্য বসানো মানে—
নিজেকে কলঙ্কিত করা
দেখো না জ্বর আসবে জেনেও আমি,
মধ্যরাতে বৃষ্টিতে ভিজি!
সর্বোপরি তোমারে রেখে দিই, বুকফেটে কান্না করবো বলে!
