নীলকান্ত কপালে

নীল পৃথিবীর অন্তরালে,
গভীর আকাশের নীলকান্ত কপালে ঝুলে থাকা পূর্ণ চাঁদে তুমি আলোকরেখা হয়ে ছুঁয়ে যাও আমাকে।

আমি জলের কোমলতা হয়ে চুমোভেজা কণ্ঠের আদলে জড়িয়ে ধরি তোমাকে—
মধুময় আভায় তুমি আমাকে ডাকছো, অমোঘ আকর্ষণে টেনে নিচ্ছো আরও গভীর প্রেমের মণিকুটিরে।

তোমার রুপালি দীপ্তিতে
আমার শরীরে দুধসাদা অগ্নিশিখা দপদপ করে জ্বলে ওঠে।

আমি ডানা মেলে তোমার দিকে আরও এক পা এগোই,
নীল বাতাসে তোমার শ্বাসের নরম উষ্ণতা পাই।

আজ রাত—আমারও, তোমারও—অন্ধকারের অন্তর্গোপনে দাঁড়িয়ে থাকা প্রেমের পূর্ণ অবয়ব।

তুমি নীল আকাশে জ্বলতে থাকো, আমি নীল জলের স্পন্দনে ভিজে যাই।

আমাদের মাঝে জন্ম নেওয়া এই নীল প্রেম আরও নীল, আরও গহন, আরও অনিবার্য হয়ে ওঠে—

দুটি দেহ গলে মিশে যায় এক নির্মল হৃদস্পন্দনের নীল সমুদ্রে।

রামপুরহাট, বীরভূম, ভারত


১৪ নভেম্বর ২০২৫