চায়ের দোকানে বসে চুপচাপ
গল্প শুনলেই বোঝা যাবে
মানুষের আঞ্চলিকতা কি!
ভাষা, অঙ্গভঙ্গি, জীবনধারণ
সংগ্রাম, সমাজবাস্তবতা।
বৃক্ষকে কল্পনা করা যায় মানুষের আঙ্গিকে
ছোট্ট একটি চারার পৃথিবীতে আর্বিভাব
একটু একটু করে বেড়ে ওঠা
ডালপালাসহিত পাতার বৃদ্ধি
ঋতুর চাপে ঝরে পরা পাতা
নিঃস্ব করে দিয়ে যায় গাছের হৃদয়
আবার পাতা গজানোর দিনে
পরিপূর্ণতা আসে বৃক্ষে
বাতাসে দোলে বৃক্ষের মন
একটি কাটা গাছের ক্ষোভ
ফিরে আসে ঝড় কিংবা গরমের বেশে
সকল প্রাণের বাঁচবার অধিকার
মানুষ তা হতে দিয়েছে কি?
পরিপূর্ণ জীবনের জন্য আমাদের সংগ্রাম
যেখানে সুখের পাশাপাশি
দুঃখের অংশীদারিত্ব থাকবে
থাকবে, যন্ত্রণা-বেদনা-ক্ষোভ- ঘৃণা ও অস্থিরতা।
দুঃসময়ে মানুষের আসল রূপ চেনা যায়
বন্ধুত্ব আর প্রেমের মধ্যে ব্যবধান কি?
আলিঙ্গনের বৈধতা আর পাওয়ার নিশ্চয়তা
কেউ কি কাউকে কখনো
নিশ্চিতভাবে পেয়ে বসতে পারে?
মায়ের গর্ভ থেকে অনিশ্চিত এক জীবনে যাত্রা
ধরনীতে আমাদের নিমজ্জিত হওয়া
দিনের কোলাহল শেষে রাতের নিরবতা
ঈশ্বর বলতে পারেন?
জগতের সকল অস্থিরতা থেকে
মুক্তির উপায় কি?
