জয়িতা ও সূর্য
সূর্য : মনকে বলি একটু রোকো ছুটছো কেন অবিরত ?
জয়িতা: সোনার হরিণ পাবো নাতো যতই কাঁদি অবিরত !
সূর্য : মন যে আমার বিষাদগ্রস্ত ছুটছে দিকে দিগন্তরে !
সূর্য : মন কি কারো বসে থাকে, কেউ জানে সে কোথায় ঘুরে !
সূর্য : মেঘলা আকাশ মনকে বলে করছি আমি তোমায় সিক্ত,
জয়িতা : প্রানঢালা মোর আশীষ দিলাম, হাত দু’খানি শুধুই রিক্ত
জয়িতা : পাগলা হওয়ার পিছন ধেয়ে পারবে কি তা একটু ছুঁয়ে !
সূর্য : তোমার রঙ্গীন আঁচল মেলে আমার হৃদয় ভরিয়ে দিয়ে !
সূর্য : মন যে তবু মনের খাঁচায় চায় না থাকতে চুপটি করে
জয়িতা : মন যে কেন ব্যাকুল ব্যথায় উড়ছে ঘুরে তেপান্তরে ।
সূর্য : আজকে বিষাদ স্বপ্ন মাখা ব্যাকুল হৃদয় কিসের তরে ?
জয়িতা: মন খারাপের ময়ুরপঙ্খী পাঠিয়ে দিলাম দূর পাহাড়ে ।
বিষন্ন বৃষ্টি
এই যে বিষন্ন বৃষ্টি
নিয়ে যায় দূরে বহুদূরে
সেই স্মৃতিমাখা মেঘলা দুপুরে ।
পুরানো দিনের যত কথা, ভালোলাগা!
অপরূপ মাধুরী হলো যে সৃষ্টি
কোথায় গেলো সে সখী?
ঝাপসা হয়ে যায় কেন দৃষ্টি
মনে মনে যারে খুঁজিয়া মরে, অকারণে!
স্মৃতিতে অম্লান, কত যে মিষ্টি
নাহঃ বৃষ্টি আনে যত অনাসৃষ্টি ।
দুর্ভেদ্য অন্ধকার
হেঁটেছে অনেক পথ
খুলেছে অজানা দ্বার
করেছে গতি শ্লথ ।
পেরিয়ে এলো দুর্ভেদ্য অন্ধকার
সমুখে জোনাকির আলো পথে
বাঁধা বিঘ্ন হোঁচটে
ছিঁড়েছে সেই বীণার তার
ও যে অসত্য কথনের বাহার ।
মুক্ত বিহঙ্গ আজি সে
পিঁছু ফিরে চায়না তবু
স্বপ্ন নিয়ে বয়ে যায় তরী
তুলিয়া ছেঁড়া পাল
হাঁটে সে মানবী অনন্তকাল ।
একটা স্বপ্ন কিনে নাও
একটা স্বপ্ন কিনে নাও আমার থেকে
দাম নিবো না কিন্তু আকাশ দেবো ঠিক তোমায় মেপে ।
অর্ধেক গভীর সমুদ্র যদি হয় আমার
তবে বাকি অর্ধেকটা বুঝে নিও তোমার ।
মনে করো তুমি যাবে এমন একটা ঝিনুকের দ্বীপ
দ্বীপটি মার্বেল সাদা সমুদ্রের যেন একটা বিশাল লম্বাটে টিপ ।
তোমায় দেবো শুনশান নীরবতার সবুজ অরণ্য
আরো দেবো তোমায় রংধনুর বাগান বিলাস
যেখানে তুমি সাতরঙে মিশে যেও লতার মতো বন্য ।
ভয় পেওনা, আমার হাতটি রেখো আলতো করে ধরে
যদি রশ্মির নীরবতা তোমায় আঘাত করে ।
আমি পাখি হয়ে উড়ে উড়ে পাহারা দেবো অতন্দ্র
অথবা স্লিপি উইলোর ঝিরি ঝিরি পাতা হয়ে দেখবো
হাওয়ায় ভেসে, দেখবো আমার হারিয়ে যাওয়া চন্দ্র ।
শুভ্র বরফ জলে দেখতে পাবে আমার প্রতিবিম্ব
তোমায় আরো দিতে পারি আমার পৃথিবী, নয় বিলম্ব ।
দিন প্রতিদিন জীবনতরীর বৈঠা নড়ে
কষ্ট গুলি চুপ চুপ চুপ বন্দি করে ।
স্বপ্ন উড়াই, স্বপ্ন দেখি, স্বপ্নেই হয় বসতবাটি
বাঁচতে হলে স্বপ্ন কিনে দিন গুলি যায় দিব্যি খাঁটি ।
মানুষ চায়
মানুষ চায় জীবনীশক্তি
আলোর কাছে
পথে পথে শত অন্তরায়
সে হোঁচট খেয়ে থুবড়ে যায়
উঠে দাঁড়ায়
শত অতৃপ্তি
ব্যর্থতা আসে চাবুকের ন্যায়
সফলতাও আসে কখনো পথ ভুলে
তবুও স্বপ্ন বুনে যায়
প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত
অসীমের মাঝে খুঁজে যায়
কী চায়, কী পায়
কে জানে কোথায়
ভালোবাসার কাঙালপনা
রেখে যায় আলপনা
কী পাই, কে পায়
দিন চলে যায়
জীবন ফুরায়।
১২ সেপ্টেম্বর, ২০২৩
