আমার নাম অপেক্ষা

আমার নাম অপেক্ষা
আমার প্রথম জন্মে,
প্রাণ হারালাম—বিশাল এক ঝড়ো হাওয়ায়
দ্বিতীয়বার বুঝলাম,
জন্মেছি অপেক্ষা করতে, করলাম;
সেবার প্রাণ গেলো,
নিষ্ঠুর এক মরণব্যাধিতে
কাত্রে কাত্রে ধ্বংসের চুম্বন।
পরের জন্মে ভাবলাম,
এবার বাঁচবো বেশ কদিন;
ওরা আমাকে গাছের সাথে বেঁধে আগুন দিলো
আমি আর অশ্বত্থ—
প্রাণ হারালাম ভীষন যন্ত্রনায়।
এর পরের জন্মে আমি ছিলাম বিদ্রোহী
সেবার আমায় মানুষ খুব পছন্দ করেছিলো,
তবুও কার্তুজ ঢুকেছিলো বুকের খুব গভীরে।
পরের জন্মে প্রাণ হারালাম বৃদ্ধ হয়ে,
সেবার মনে হচ্ছিলো মানুষ একা বটে;
পণ করেছিলাম, “আর জন্মাবোনা, আমি ক্লান্ত।”
কিন্তু তার পরের জন্মে হলো,
তোমার সাথে দেখা;
তুমি ছিলে অন্য কারোর, আমি ছিলাম একা।
এরপরে জন্মেছি আমি আরও অনেক বার—
নালিশ, অভিযোগ ছাড়া।
বিধ্বংসী যন্ত্রণায় শান্তি খুঁজছি
আমার নাম অপেক্ষা।